রিজিওনাল সাপোর্ট মেকানিজম EECA প্রকল্পের অংশ হিসেবে ডিজিটাল স্পার্ক অনুদান কর্মসূচির কয়েকজন অনুদানপ্রাপকের কাজ তুলে ধরার ধারাবাহিক আয়োজনের অংশ এই সাক্ষাৎকার। গ্লোবাল সাউথজুড়ে কাজ করা ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভের (DDI) অধীনে, CIVICUS-এর সঙ্গে অংশীদারত্বে প্রকল্পটি বাস্তবায়ন করছে মেটামরফোসিস ফাউন্ডেশন ও টেকস্যুপ। বিষয়বস্তু ভাগাভাগির একটি চুক্তির আওতায় এটি গ্লোবাল ভয়েসেসে প্রকাশিত হচ্ছে।
ইউক্রেনের যুদ্ধ তরুণদের সামনে এবং জনজীবন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণের পথে অসংখ্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মধ্যে রয়েছে বাস্তুচ্যুতি ও ভুল তথ্য, পাশাপাশি রাজনৈতিক অংশগ্রহণ, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং তথ্য পাওয়ার সুযোগ কমে যাওয়া। একই সঙ্গে, রাজনৈতিক সিদ্ধান্তে অবদান রাখতে এবং নিজেদের সমাজের ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের সামনে এখনও কিছু পথ খোলা রয়েছে।
যুদ্ধ চললেও মানুষ এখনও আবেদন জমা দিতে, জনপরামর্শে অংশ নিতে কিংবা অনলাইনে নিজেদের প্রয়োজনের পক্ষে কথা বলতে পারেন। কিন্তু এসব সুযোগ সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। তা ছাড়া, বাস্তুচ্যুত মানুষ, সংখ্যালঘু এবং গ্রামীণ জনগোষ্ঠীসহ ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলো জানে যে তাদেরও কথা বলার অধিকার আছে, কিন্তু নিজেদের সেই কণ্ঠ খুঁজে পেতে তাদের সমস্যা হয়।
2026 সালে স্থানীয় বেসরকারি সংস্থা beYOUnd একটি প্রকল্প বাস্তবায়ন করে, যাতে ঝুঁকিতে থাকা গোষ্ঠীর তরুণেরা ডিজিটাল গণতন্ত্রের এই নতুন যুগে নিজেদের কণ্ঠ খুঁজে পাওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন। তাদের উদ্যোগ সম্পর্কে আরও জানতে গ্লোবাল ভয়েসেস ইমেলের মাধ্যমে beYOUnd-এর চেয়ারওম্যান ইয়েভহেনিয়া হলোভেঙ্কোর সাক্ষাৎকার নিয়েছে। স্পষ্টতা ও সংক্ষিপ্ততার জন্য সাক্ষাৎকারটি সম্পাদনা করা হয়েছে।
গ্লোবাল ভয়েসেস (GV): আপনাদের সংগঠন এবং কেন ডিজিটাল স্পার্কস প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে সম্পর্কে বলুন।
ইয়েভহেনিয়া হলোভেঙ্কো (YH): beYOUnd ইউক্রেনভিত্তিক, তরুণদের নেতৃত্বে পরিচালিত একটি NGO। 2025 সালের অক্টোবরে এটি নিবন্ধিত হয়েছে, যদিও তার অনেক আগে থেকেই আমরা দল হিসেবে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো ঝুঁকিতে থাকা তরুণদের—বিশেষ করে দেশের ভেতরে বাস্তুচ্যুত মানুষ এবং কঠিন সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি তরুণদের—সমাজে মিশে যাওয়া, আত্মবিকাশ ও নাগরিক জীবনে অংশগ্রহণ বাড়ানো।
আমাদের নামের মধ্যেই আমাদের দর্শন ফুটে ওঠে: শুরুটা আপনাকে দিয়ে; আর তা যায় আরও অনেক দূর! আমরা যেসব তরুণের সঙ্গে কাজ করি, আমাদের দলের অধিকাংশ তরুণও তাঁদের মতো একই চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছেন। তাই আমাদের প্রতিটি কাজের দৃষ্টিভঙ্গিও সেই অভিজ্ঞতা দিয়ে তৈরি।
আমরা ডিজিটাল স্পার্কস উদ্যোগে যোগ দিয়েছি, কারণ এই মুহূর্তে ইউক্রেনের তরুণদের ঠিক ডিজিটাল গণতন্ত্র ও নাগরিক পরিসরেই সহায়তা প্রয়োজন। যুদ্ধের মধ্যে নিরাপদে ও সঠিক তথ্য জেনে অনলাইনে অংশগ্রহণ করার বিষয়টি ঘুরে দাঁড়ানোর ক্ষমতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আর সেটি আমাদের লক্ষ্যের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছিল।
GV: আপনাদের সমাজের কোন সমস্যা বা চ্যালেঞ্জ এই প্রকল্প হাতে নিতে আপনাদের উদ্বুদ্ধ করেছিল?
YH: যুদ্ধের কারণে অনেক তরুণ ইউক্রেনীয়কে, বিশেষ করে দেশের ভেতরে বাস্তুচ্যুত মানুষকে (IDP), যোগাযোগ বজায় রাখা, খবরাখবর জানা এবং নাগরিক হিসেবে সক্রিয় থাকার জন্য ডিজিটাল পরিসরে যেতে হয়েছে। অথচ নিরাপদে এসব করার প্রয়োজনীয় উপকরণ প্রায়ই তাঁদের কাছে ছিল না।
আমরা একটি ঘাটতি দেখেছিলাম: তরুণেরা তথ্য নিচ্ছিলেন, এমনকি অনলাইনেও অংশ নিচ্ছিলেন; কিন্তু তাঁদের মিডিয়া সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তাবিষয়ক জ্ঞান কিংবা নিজেদের কণ্ঠস্বর দিয়ে কিছু বদলাতে পারবেন—এমন আত্মবিশ্বাস ছিল না।
বাস্তুচ্যুত ও প্রান্তিক তরুণদের ডিজিটাল নিরাপত্তা এবং নাগরিক অংশগ্রহণের ব্যবহারিক দক্ষতা গড়ে তুলে আমরা এই ঘাটতি পূরণ করতে চেয়েছিলাম। ইউক্রেনের তরুণদের যুক্ত করে ডিজিটাল গণতন্ত্র সম্পর্কে সচেতনতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে তাঁদের ভাবনা ভাগ করে নেওয়ার সুযোগ দিতে চেয়েছিলাম।
GV: প্রকল্পে অংশ নেওয়ার সময়ে আপনাদের সংগঠন কোন কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন বা কার্যক্রম বাস্তবায়ন করেছে?
YH: “ডিজিটাল যুগে গণতন্ত্রের কণ্ঠস্বর” প্রকল্পের আওতায় আমরা ডিজিটাল নিরাপত্তা, অনলাইন অংশগ্রহণ এবং অপতথ্য নিয়ে একটি সচেতনতামূলক প্রচার চালিয়েছি। সেটি 8,500-এর বেশি বার দেখা হয়েছে।
শিক্ষার ক্ষেত্রে আমরা ডিজিটাল গণতন্ত্র, মিডিয়া সাক্ষরতা, নাগরিক উদ্যোগের পরিকল্পনা এবং সাইবার নিরাপত্তা নিয়ে 3টি ওয়েবিনার ও 3টি কর্মশালা করেছি। এতে 100-এর বেশি অংশগ্রহণকারী যুক্ত হয়েছিলেন।
রাজধানী কিয়েভে আমরা সরাসরি যোগাযোগ গড়ে তোলার একটি অফলাইন অনুষ্ঠানেরও আয়োজন করেছিলাম। সেখানে 27 জন অংশগ্রহণকারী সশরীরে একত্র হয়ে একই বিষয়গুলো নিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হন। অনলাইনে শেখার পাশাপাশি তাঁরা সামনাসামনি বাস্তব সম্পর্ক ও মতবিনিময়ের সুযোগ পান।
অনলাইনে বহু মানুষের কাছে পৌঁছানো এবং সশরীরে একটি গোষ্ঠী গড়ে তোলার সমন্বয়ে এসব কার্যক্রম হয়েছে। এতে তরুণেরা সদ্য অর্জিত জ্ঞান কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় জ্ঞান ও যোগাযোগের পরিসর—দুটিই পেয়েছেন।
GV: প্রকল্পে আপনাদের অংশগ্রহণে আপনাদের সংগঠনের সুবিধাভোগী এবং যাঁদের জন্য আপনারা কাজ করেন, সেই সমাজের ওপর কী প্রভাব পড়েছে? অনুগ্রহ করে উদাহরণ দিন।
YH: “গণতন্ত্রের কণ্ঠস্বর” প্রকল্পটি সুবিধাভোগীরা নিজেদের সমাজে তাঁদের অবস্থানকে কীভাবে দেখেন, তা বদলে দিয়েছে। একজন অংশগ্রহণকারী বলেছেন, “আমি এমন কিছু নতুন ডিজিটাল উপকরণের কথা জেনেছি, যেগুলো ব্যবহার করে সমাজের মানুষের সঙ্গে যুক্ত হতে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশ নিতে পারি।”
অন্যরা বলেছেন, ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত রাখতে হয় এবং দৈনন্দিন জীবনে ডিজিটাল পরিষেবাগুলো কীভাবে নিরাপদে ব্যবহার করতে হয়, তা শেখাই ছিল সবচেয়ে মূল্যবান।
বেশ কয়েকজন বিশেষভাবে বলেছেন, তাঁরা অবশেষে নির্দিষ্ট দাবির পক্ষে প্রচার এবং আরও বিস্তৃত নাগরিক উদ্যোগের মধ্যে পার্থক্য বুঝেছেন। নিজেদের উদ্যোগের বাস্তব পরিকল্পনা কীভাবে করতে হয়, তা-ও শিখেছেন—দলগত কাজের মাধ্যমে এসব দক্ষতা বাস্তব রূপ পেয়েছে।
আরেকজন অংশগ্রহণকারীর কথায়, “আমি কোনো সমস্যাকে চিহ্নিত করতে, তার কারণগুলো খুঁজে দেখতে এবং সমাধানের বাস্তব পদক্ষেপের পরিকল্পনা করতে শিখেছি। নির্দিষ্ট দাবির পক্ষে প্রচার কী এবং তা কীভাবে একটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সেটিও আরও ভালোভাবে বুঝেছি।”
অনেকের ক্ষেত্রেই স্থানীয় স্তরে পরিবর্তন আনার নিজস্ব ক্ষমতা সম্পর্কে ধারণা এতে বদলে গেছে।
GV: এই প্রকল্পে অংশ নেওয়ার ফলে ডিজিটাল গণতন্ত্র ও নাগরিক পরিসর সম্পর্কে আপনার নিজের জ্ঞান, সচেতনতা ও অভিজ্ঞতায় কী পরিবর্তন এসেছে?
YH: এই প্রকল্পে নেতৃত্ব দেওয়ার ফলে ডিজিটাল নিরাপত্তা ও গণতান্ত্রিক অংশগ্রহণের ঘনিষ্ঠ সম্পর্কটি আমরা আরও গভীরভাবে বুঝেছি। অনলাইনের পরিসরে নিরাপদে চলার সামর্থ্য আগে তৈরি না করে তরুণদের নাগরিক জীবনে অর্থপূর্ণভাবে যুক্ত করা যায় না।
ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অংশগ্রহণের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে আমরা এখন যেসব ব্যবহারিক উপকরণ কাজে লাগাই, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা বিস্তৃত হয়েছে। beYOUnd-এর কর্মসূচি নিয়ে আমাদের ভাবনাও প্রসারিত হয়েছে।
এতে সক্ষমতা বৃদ্ধির বিষয়টিকেও আমরা আরও কাঠামোবদ্ধভাবে দেখতে শিখেছি: শুধু সুবিধাভোগীদের কী শেখাচ্ছি তা নয়, একেকটি প্রকল্প ধরে না এগিয়ে দীর্ঘ মেয়াদে নিজেদের সংগঠনের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা কীভাবে গড়ে তুলছি, তা-ও গুরুত্বপূর্ণ।
GV: এই প্রকল্প থেকে পাওয়া সবচেয়ে মূল্যবান শিক্ষা ও অভিজ্ঞতাগুলো কী?
YH: সবচেয়ে বড় শিক্ষা হলো, ব্যবহারিক হাতে-কলমে বিষয়বস্তুর সঙ্গে বাস্তব আলাপচারিতার সুযোগ—ওয়েবিনার, কর্মশালা এবং অফলাইনে যোগাযোগ গড়ে তোলা—মেলালে তা একক কোনো মাধ্যমের তুলনায় অনেক ভালো কাজ করে। অংশগ্রহণকারীরা শুধু তথ্য গ্রহণ করেননি; বিশেষ করে কিয়েভে সশরীরে মতবিনিময়ের মাধ্যমে তাঁরা সম্পর্ক এবং সেই তথ্য কাজে লাগানোর আত্মবিশ্বাসও গড়ে তুলেছেন।
সহজ, স্পষ্ট ও ব্যবহারিক বিষয়বস্তু যে কতটা মূল্যবান, সেটিও আমরা শিখেছি। অংশগ্রহণকারীরা নিয়মিত বলেছেন, বিমূর্ত তত্ত্ব নয়, সঙ্গে সঙ্গে কাজে লাগানো যায় এমন তথ্যই তাঁদের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে।
সবশেষে, প্রকল্পের পাশাপাশি নিজেদের দলের সক্ষমতা বাড়াতে গিয়ে আমাদের আবার মনে হয়েছে, সুবিধাভোগীদের যেসব দক্ষতা শেখাই, তার মতোই গুরুত্বপূর্ণ হলো সংগঠনের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা।
GV: এরপর কী? অর্জিত শিক্ষা ও ডিজিটাল সক্ষমতা ভবিষ্যতের কাজে এবং নিজেদের সমাজে কীভাবে প্রয়োগ করবেন?
YH: এই প্রকল্প থেকে পাওয়া ডিজিটাল উপকরণ, নির্দিষ্ট দাবির পক্ষে প্রচারের কাঠামো এবং নাগরিক উদ্যোগের পরিকল্পনার দক্ষতা তরুণদের জন্য আমাদের ভবিষ্যৎ কর্মসূচির নকশায় স্থায়ীভাবে রাখার পরিকল্পনা রয়েছে। এটি আর একবারের কোনো বিষয় নয়, এখন আমাদের কাজের নিয়মিত অংশ।
কিয়েভে যোগাযোগ গড়ে তোলার অনুষ্ঠান থেকে যেসব সম্পর্ক তৈরি হয়েছে, আমরা সেগুলোর পরিচর্যা চালিয়ে যেতে চাই। একবারের যোগাযোগগুলোকে একটি চলমান গোষ্ঠীতে রূপ দিতে চাই।
সংগঠনের ক্ষেত্রে, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও দীর্ঘমেয়াদি সক্ষমতা নিয়ে আমরা যা গড়ে তুলেছি, beYOUnd-এর বিস্তারের সঙ্গে সঙ্গে তাকে আরও শক্তিশালী করতে কাজে লাগাচ্ছি। ফলে ভবিষ্যতে এ ধরনের এবং আরও বড় প্রকল্প চালানোর জন্য আমরা আরও ভালোভাবে প্রস্তুত থাকব।
